Image description

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ওকানাগান লেকের আশপাশে দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় রাতারাতি ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যম সিটিভি নিউজ জানিয়েছে, দাবানলের কারণে প্রায় ১২ হাজার মানুষের বসবাসের শহর সামারল্যান্ডের পুরো এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পিচল্যান্ড ও আশপাশের এলাকায় বসবাসকারী আরও প্রায় ৮ হাজার মানুষকেও নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় প্রথম আগুনের সূত্রপাত হয়। কয়েক ঘণ্টার মধ্যেই দাবানল প্রায় ৫০ বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। এতে ছোট্ট ফাউল্ডার সম্প্রদায়ও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দাবানলে বাড়িঘর পুড়ে যাচ্ছে। আতঙ্কিত বাসিন্দারা দ্রুত এলাকা ছাড়ছেন। এ সময় পেন্টিকটনের দিকে দক্ষিণমুখী সড়কগুলোতে ব্যাপক যানজট তৈরি হয়।

জরুরি তথ্য কর্মকর্তা এরিক থম্পসন দাবানলটিকে এ অঞ্চলে দেখা সবচেয়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়া দাবানলগুলোর একটি হিসেবে বর্ণনা করেছেন। পরিস্থিতির ভয়াবহতা এতটাই বেড়ে যায় যে, নিজের পরিবারের সদস্যদের সরিয়ে নিতে তাকেও জরুরি কার্যক্রম কেন্দ্র ছেড়ে যেতে হয়।

তিনি বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পাশাপাশি ঝুঁকিতে থাকা প্রতিবেশীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

থম্পসন বলেন, পরিস্থিতি সবার জন্যই অত্যন্ত উদ্বেগজনক। তবে সবাইকে শক্ত থাকার পাশাপাশি বিশেষ করে যাদের সহায়তা প্রয়োজন, তাদের পাশে দাঁড়াতে হবে।

তথ্যসূত্র: আনাদোলু