Image description

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার বিকেল ৪টা ১২ মিনিটে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‌‘মাননীয় প্রধানমন্ত্রী হুজুরের (আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী) সাথে সাক্ষাৎ করেছেন। তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। সাক্ষাৎকালে হুজুর প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরবর্তীতে তাঁদের মধ্যে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।’

এদিকে, প্রধানমন্ত্রী ফটিকছড়ি মাদ্রাসা প্রাঙ্গণে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। এরপর তিনি প্রধানমন্ত্রীকে অতিথি আপ্যায়ন কক্ষে নিয়ে যান। সেখানে তাঁরা বৈঠকে মিলিত হন। 

এর আগে, প্রধানমন্ত্রী মাদ্রাসায় আসার সময় রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিক্ষার্থীরা তাঁকে মোবারকবাদ জানায়। গাড়ি থেকে নেমে প্রধানমন্ত্রী সরাসরি ছোট ছোট শিক্ষার্থীদের কাছে ছুটে যান। তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য গিয়াস কাদের চৌধুরী ও সরোয়ার আলম প্রমুখ।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। এতে সভাপতিত্ব করেন প্রবীণ ইসলামী পণ্ডিত, আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার অধ্যক্ষ ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

এসএস