দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হচ্ছে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এরপর শিক্ষার্থীরা অনলাইন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সকাল ১০টায় ফল প্রকাশ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলাফল প্রকাশ করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর আগে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা পরীক্ষার ফলাফল হস্তান্তর করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল তিনটি মাধ্যমে পাওয়া যাবে। এগুলো হলো—
১. অনলাইনে:
শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের কমন ওয়েবসাইট https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd থেকে ফলাফল দেখতে পারবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল সংগ্রহ করা যাবে।
২. শিক্ষাপ্রতিষ্ঠান থেকে:
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবে। প্রতিষ্ঠানগুলো অনলাইনে ফলাফল ডাউনলোড করে শিক্ষার্থীদের জন্য প্রকাশ করবে।
৩. মোবাইল এসএমএসে:
যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল জানা যাবে।
১৬১৪০ নম্বরে ফল জানতে এসএমএসের ফরম্যাট হবে:
SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026
উদাহরণ: SSC Dha 123456 2026 লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
তবে সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই অনলাইন বা এসএমএসে ফল পাওয়া নাও যেতে পারে। ফলাফল আপলোডসহ প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগতে পারে।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। তাদের মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।
বোর্ডভিত্তিক পরীক্ষার্থীর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন, মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষায় ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী ছিল।
ফলাফল প্রকাশের পর কোনো শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণ করতে চাইলে আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। এ সংক্রান্ত নিয়ম ও নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা কোনো পত্রিকা অফিস থেকে সরাসরি ফলাফল পাওয়া যাবে না। শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন মাধ্যম, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান অথবা এসএমএসের মাধ্যমে ফল সংগ্রহ করতে হবে।
এসএ




Comments