Image description

চাহিদামতো সার না পাওয়ার অভিযোগে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আমন চাষিরা। এতে মহাসড়কের দুই পাশে পণ্যবাহী ও পাথরবোঝাই ট্রাকসহ অসংখ্য যানবাহন আটকা পড়ে। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

সোমবার (১০ আগস্ট) সকাল ৯টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ বাজার এলাকায় কয়েক হাজার কৃষক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রায় দুই ঘণ্টা পর বেলা ১১টার দিকে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কৃষকদের অভিযোগ, চলতি আমন মৌসুমে সার সংগ্রহের জন্য তারা স্থানীয় ‘মাধু ভট্টাচার্য্য ডিলার পয়েন্টে’ যান। সেখানে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও প্রয়োজন অনুযায়ী সার পাননি তারা। একপর্যায়ে চাহিদা অনুযায়ী সার না দিয়েই ডিলার পয়েন্টটি বন্ধ করে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন কৃষকরা।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম ও পুলিশের সদস্যরা। তারা কৃষকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন।

প্রশাসনের পক্ষ থেকে আগামী দুই দিনের মধ্যে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দেওয়া হলে কৃষকরা বেলা ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘কৃষকদের সারের ঘাটতি ও ক্ষোভের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখেছি। আগামী দুই দিনের মধ্যে পর্যাপ্ত সারের ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, কোনো ডিলার কৃত্রিম সংকট তৈরি করলে কিংবা সার বিতরণে অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসএস