বিদায় অনুষ্ঠানের টিকটক ভাইরাল হওয়া সেই মাদ্রাসার ৩৪ জন ফেল
চট্টগ্রামের সাতকানিয়ায় বাজালিয়া হেদায়তুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসার দাখিল শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ঘিরে তৈরি কয়েকটি টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এবার আলোচনায় এসেছে প্রতিষ্ঠানটির দাখিল পরীক্ষার ফলাফল। বিদায় অনুষ্ঠানের ভিডিওতে শিক্ষার্থীদের অবাধ মেলামেশা, অশালীন উপস্থাপনা ও অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ নিয়ে সমালোচনার মধ্যেই এবারের দাখিল পরীক্ষায় অর্ধেকের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এতে প্রতিষ্ঠানটির শিক্ষা ও শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সোমবার (১০ আগস্ট) প্রকাশিত দাখিল পরীক্ষার ফলাফল অনুযায়ী, এ বছর মাদ্রাসাটি থেকে ৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৯ জন এবং অকৃতকার্য হয়েছে ৩৪ জন। প্রতিষ্ঠানটির পাসের হার মাত্র ৫৩ দশমিক ৪২ শতাংশ। উপজেলা পর্যায়ের ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, সাতকানিয়ার ৩৪টি মাদ্রাসার মধ্যে ফলাফলের দিক থেকে বাজালিয়া হেদায়তুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসার অবস্থান ৩০তম। অর্থাৎ উপজেলার অধিকাংশ মাদ্রাসার তুলনায় প্রতিষ্ঠানটির ফলাফল অনেকাংশেই পিছিয়ে রয়েছে।
এর আগে গত এপ্রিল মাসে দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে ধারণ করা কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে শিক্ষার্থীদের এমন কিছু দৃশ্য দেখা যায়, যা একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা, মূল্যবোধ ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জোরালো অভিযোগ ওঠে। ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের বিদায় অনুষ্ঠানে এমন কর্মকাণ্ড কীভাবে ঘটল এবং পুরো আয়োজনের সময় শিক্ষক ও কর্তৃপক্ষের তদারকি কতটা ছিল—তা নিয়ে তখন থেকেই নানা প্রশ্ন উঠছিল।
স্থানীয় কয়েকজন অভিভাবক ও বাসিন্দার ভাষ্য, শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব শুধু পাঠদান ও পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, আচরণ ও মূল্যবোধ গড়ে তোলাও শিক্ষার অবিচ্ছেদ্য অংশ। দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে বিষয়টির গুরুত্ব আরও বেশি। কিন্তু এই মাদ্রাসার সাম্প্রতিক কর্মকাণ্ড এবং বর্তমান ফলাফল প্রমাণ করে যে, সেখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং যথাযথ তদারকির অভাব রয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি, ফলে কোনো মন্তব্য জানা সম্ভব হয়নি।
স্থানীয় সচেতন মহলের দাবি, বিদায় অনুষ্ঠানসহ প্রতিষ্ঠানের সব ধরনের আয়োজনের ক্ষেত্রে শিক্ষক ও কর্তৃপক্ষের কঠোর তদারকি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এমন দুর্বল ফলাফলের কারণ চিহ্নিত করে শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও শৃঙ্খলাবোধ তৈরিতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
ডিআর




Comments