জনপ্রিয় ক্রিসমাস কমেডি চলচ্চিত্র ‘এ ক্রিসমাস স্টোরি’তে মিস শিল্ডস চরিত্রে অসাধারণ অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে তারকা খ্যাতি লাভ করা কানাডিয়ান অভিনেত্রী টেডি মুর মারা গেছেন। গত ৫ আগস্ট কানাডার অন্টারিও অঙ্গরাজ্যের হান্টসভিলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এই গুণী অভিনেত্রীর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি একাধারে অভিনেত্রী, স্ক্রিপ্ট এডিটর ও অভিনয় প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন।
যুক্তরাষ্ট্রের ট্যাবলয়েড সংবাদ সংস্থা টিএমজেড-এর প্রতিবেদন অনুযায়ী, টেডি মুরের মৃত্যুর প্রায় এক সপ্তাহ পার হতে চললেও তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো পরিবারের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।
টেডি মুরের বর্ণাঢ্য ক্যারিয়ার শুরু হয়েছিল মঞ্চ নাটকের মাধ্যমে। বিখ্যাত অভিনেতা ক্রিস্টোফার ওয়াকেনের বিপরীতে ‘এ মিডসামার নাইট'স ড্রিম’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তিনি আলোচনায় আসেন। তবে ১৯৮৩ সালের ব্লকবাস্টার সিনেমা ‘এ ক্রিসমাস স্টোরি’ তাঁকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। এই সিনেমায় পিটার বিলিংসলি অভিনীত ৯ বছর বয়সী রালফি পারকারের অতি-কঠোর ও গম্ভীর শিক্ষিকা ‘মিস শিল্ডস’ চরিত্রে তাঁর অভিনয় আজও দর্শকদের কাছে অবিস্মরণীয়।
দীর্ঘ ক্যারিয়ারে টেডি মুর বড় পর্দায় ‘সেকেন্ড উইন্ড’, ‘মার্ডার বাই ডিক্রি’, ‘ওভারনাইট’ এবং ‘ডাউন দ্য রোড এগেইন’-এর মতো বেশ কিছু দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়া ছোট পর্দায় তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘মিসেলটো ওভার ম্যানহাটন’ এবং জনপ্রিয় মিনি-সিরিজ ‘দ্য কেনেডিস’।
অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য সম্পাদনা এবং নতুন অভিনয়শিল্পী তৈরির কারিগর হিসেবেও তাঁর বিশেষ সুনাম ছিল। এই গুণী শিল্পীর মৃত্যুতে বিশ্ব বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।
ডিআর




Comments