এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গতকাল। ফল প্রকাশের দিনটি শিক্ষার্থীদের জন্য যেমন আনন্দ ও উত্তেজনার, তেমনি একসময় এমন অনুভূতির মধ্য দিয়ে গেছেন দেশের তারকারাও। অভিনয়ে প্রতিষ্ঠিত হওয়ার আগে তারাও ছিলেন আর দশজন শিক্ষার্থীর মতোই।
সেসব স্মৃতি জানিয়েছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি ও পূজা চেরী।
দীঘির জিপিএ ৩.৬১
২০১৯ সালে স্ট্যামফোর্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। তিনি পেয়েছিলেন জিপিএ ৩.৬১।
নিজের ফল নিয়ে দীঘি বলেন, তিনি এই ফলেই সন্তুষ্ট ছিলেন। পরীক্ষার আগে ফল নিয়ে তাঁর খুব বেশি প্রত্যাশা ছিল না বলেও জানান তিনি।
ফল প্রকাশের পর সবার আগে বাবাকে নিজের ফলাফলের কথা জানিয়েছিলেন দীঘি। অভিনেতা সুব্রতও মেয়ের ফলাফলে খুশি হয়েছিলেন।
দীঘির ভাষ্য, তাঁর কাছে বাবা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফলাফল নিয়ে কোনো আফসোস নেই তাঁর। অভিনয়ই তাঁর মূল জায়গা হলেও পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছা রয়েছে।
পূজা পেয়েছিলেন জিপিএ ৩.৩৩
অন্যদিকে ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন চিত্রনায়িকা পূজা চেরী। বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষা দিয়ে তিনি পেয়েছিলেন জিপিএ ৩.৩৩।
নিজের ফলাফল নিয়ে পূজাও সন্তুষ্ট ছিলেন। তাঁর ফলাফলে পরিবারের সবাই খুশি হয়েছিল বলে জানান তিনি।
শিশুশিল্পী হিসেবে অভিনয়জগতে যাত্রা শুরু করেন পূজা। পরে বিজ্ঞাপন ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। ‘নূর জাহান’, ‘পোড়ামন ২’ ও ‘দহন’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি।
পড়াশোনার বিষয়েও বাবা-মায়ের প্রত্যাশা ছিল বলে জানান পূজা। অভিনয়ের পাশাপাশি গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে চান তিনি। এজন্য পড়াশোনায় কোনো ফাঁক রাখতে চান না বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।




Comments