রামুতে দুই মাসের শিশুকে জবাই করে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে
কক্সবাজারের রামুতে নিজের দুই মাস বয়সী শিশুপুত্রকে জবাই করে হত্যার এক বীভৎস অভিযোগ উঠেছে গর্ভধারিণী মায়ের বিরুদ্ধে। মঙ্গলবার (১১ আগস্ট) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদার পাড়া এলাকায় এই পৈশাচিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মা রোমানা আক্তারকে (২৩) আটক করেছে পুলিশ।
নিহত শিশুর নাম রায়ান আহমেদ। সে মালয়েশিয়া প্রবাসী আব্দুল মালেকের সন্তান। শিশুর বাবার বাড়ি রাজারকুল সিকদার পাড়ায় হলেও অভিযুক্ত রোমানা আক্তার সন্তানসহ তার বাপের বাড়ি চৌকিদার পাড়ায় অবস্থান করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হঠাৎ এই নির্মম খুনের ঘটনা জানাজানি হলে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে রামু থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা রোমানা আক্তারকে হেফাজতে নেয়।
এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, "পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে রোমানা মানসিক ভারসাম্যহীন এবং পূর্বে তাকে চিকিৎসকও দেখানো হয়েছে। মঙ্গলবার ভোরে শিশুটিকে নিয়ে রান্নাঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। পুলিশ ঘাতক মাকে আটক করেছে এবং তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।"
ওসি আরও জানান, "পরিবার মানসিক সমস্যার কথা বললেও আমরা এখনই তাকে ভারসাম্যহীন হিসেবে নিশ্চিত করছি না। বিষয়টি গভীর তদন্ত সাপেক্ষ এবং প্রয়োজনীয় চিকিৎসাগত পরীক্ষার পরই তার মানসিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।"
ডিআর




Comments