Image description

পটুয়াখালীর কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ইনডোরে হামে আক্রান্ত শিশুরা সঠিক চিকিৎসা ও নিবিড় পরিচর্যায় সুস্থ হয়ে বাড়ি ফিরছে। চিকিৎসক ও সেবিকাদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সচেতনতায় একের পর এক শিশু সুস্থ হয়ে ওঠায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্বজনরা। কলাপাড়া হাসপাতালে বর্তমানে হামের পাশাপাশি ডেঙ্গু ও ডায়রিয়া রোগীর চাপ থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষের নিরবচ্ছিন্ন সেবায় রোগীরা দ্রুত আরোগ্য লাভ করছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত জুলাই মাসে ১৩৩ জন হাম আক্রান্ত রোগী এখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১০ জন শিশু, যাদের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, গত মঙ্গলবার থেকে পরবর্তী ৯ দিনে মোট ২৯ জন নতুন রোগী ভর্তি হয়েছে। আক্রান্তদের ৯০ শতাংশেরই বয়স এক থেকে আট বছরের মধ্যে। উল্লেখ্য, কলাপাড়ার পাশাপাশি পার্শ্ববর্তী তালতলী, আমতলী ও রাঙ্গাবালী উপজেলা থেকেও অনেক শিশু এখানে চিকিৎসা নিতে আসছে।

হাসপাতালে ভর্তি শিশুদের স্বজনরা জানান, শুরুতে হামের প্রকোপ দেখে তারা আতঙ্কিত হয়ে পড়লেও হাসপাতালের পরিবেশ এবং চিকিৎসকদের সময়োপযোগী পরামর্শে তাদের সন্তানরা এখন শঙ্কামুক্ত। সঠিক সময়ে চিকিৎসা পাওয়ায় তারা উপজেলা স্বাস্থ্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কলাপাড়া হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. বিকাশ রায় বলেন, "আগের তুলনায় বর্তমানে রোগীর চাপ কিছুটা কমেছে। মূলত হামে আক্রান্ত শিশুদের সঠিক পরিচর্যা ও নিয়মিত ওষুধ নিশ্চিত করলে তারা দ্রুত সুস্থ হয়ে ওঠে। তাই হাম নিয়ে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছি।"

ডিআর