Image description

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকের পরদিনই তিনি দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ করলেন।

মঙ্গলবার (১১ আগস্ট) অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হলেও আলোচনার সুনির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

নয়াদিল্লি যাওয়ার আগে গত দুই দিনে ঢাকায় অত্যন্ত ব্যস্ত সময় পার করেন দীনেশ ত্রিবেদী। তিনি সোমবার প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গেও তার এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।

ঢাকায় দায়িত্ব গ্রহণের দেড় মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর এই প্রথম সাক্ষাৎটি এমন এক সময়ে হলো, যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং সেখানে তার রাজনৈতিক তৎপরতাকে কেন্দ্র করে ঢাকা-দিল্লির সম্পর্কে কিছুটা টানাপোড়েন চলছে। বিশেষ করে, সম্প্রতি দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে শেখ হাসিনার সরাসরি মতবিনিময়ের সুযোগ দেওয়াকে কেন্দ্র করে ঢাকার পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় দূতের সাক্ষাতের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দ্রুত প্রত্যর্পণের জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজনদেরও ফেরত পাঠানোর দাবি জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করা জরুরি, যা অত্যন্ত গুরুত্বের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের কাছে তুলে ধরা হয়েছে।

এদিকে, আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি। তবে বিদ্যমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী এই সফরে যাবেন কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরের ব্যাপারে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং ব্রিকস সম্মেলন—উভয় ক্ষেত্রেই অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, ভারতের সাবেক এই রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী দেশটির ১৬তম হাইকমিশনার হিসেবে গত ৫ জুন বাংলাদেশে আসেন। দুই দেশের কূটনৈতিক ইতিহাসে ভারত এই প্রথম কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে হাইকমিশনার হিসেবে বাংলাদেশে নিয়োগ দিয়েছে। গত ২৫ জুন তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

ডিআর