Image description

‘হাতি বাঁচলে বন বাঁচবে, বন বাঁচলে আমরা বাঁচব’ এবং ‘বিশ্বজুড়ে ঐক্য গড়ি, হাতির জীবন রক্ষা করি’- এই প্রতিপাদ্য সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কাপ্তাই রেঞ্জ ও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের উদ্যোগে বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা মিলনায়তনে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম। সহকারী বনসংরক্ষক (এসিএফ) মুহাম্মদ জামাল হোসেন তালুকদারের সভাপতিত্বে এবং কাপ্তাই তথ্য সহকারী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান।

এ সময় বক্তব্য দেন কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা ফজলে রাব্বী সরকার, রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ এবং ডেপুটি রেঞ্জার মো. মিঠু তালুকদার। আলোচনা সভায় বক্তারা বলেন, হাতি প্রকৃতি ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। বনের জীববৈচিত্র্য রক্ষায় হাতির নিরাপদ বিচরণ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে মানুষ ও হাতির মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তুলতে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা।

বক্তারা আরও বলেন, হাতির আবাসস্থল ও বিচরণক্ষেত্র সুরক্ষিত রাখার পাশাপাশি মানব-হাতি সংঘাত কমাতে স্থানীয় জনগণ, বন বিভাগ ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।