Image description

সিলেট নগরীর রায়নগরের রাজবাড়ী মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) বেলা ১২টার দিকে বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—মিতালী ১১১ নম্বর নিকুঞ্জ ভিলার মালিক আব্দুস সাত্তার মিয়া (৮২), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং গৃহপরিচারিকা তাহমিনা (১৫)। পুলিশ জানিয়েছে, তিনজনকেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আব্দুস সাত্তারের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে। তাঁর এক ছেলে ও এক মেয়ে যুক্তরাষ্ট্রে এবং দুই মেয়ে যুক্তরাজ্যে বসবাস করেন। তিনি স্ত্রীকে নিয়ে ওই বাসায় থাকতেন।

পুলিশ জানায়, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাটের দরজা বন্ধ দেখতে পায়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তিনজনের মরদেহ পাওয়া যায়। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, ঘরের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে তাদের হত্যা করা হয়েছে, তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না।

খবর পেয়ে ঘটনাস্থলে যান সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। পুলিশের একটি বিশেষ দলও ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

পুলিশ কমিশনার সাংবাদিকদের বলেন, তিনতলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটের বন্ধ দরজার ভেতর থেকে রক্ত গড়িয়ে পড়ার খবর পেয়ে তারা সেখানে যান। দরজা খুলে তিনজনের মরদেহ পাওয়া যায়। ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে দুটি বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে। ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাসায় ঢুকে হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। আবার জমি নিয়ে বিরোধের জেরেও এ ঘটনা ঘটতে পারে। তদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

 এসএস