মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে ক্রুদের মধ্যে সংঘর্ষে সাত মার্কিন নৌসেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।
ইরানি সংবাদমাধ্যমটির বরাতে মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, দীর্ঘদিন ধরে রণতরীটি মোতায়েন থাকায় ক্রুদের মধ্যে অসন্তোষ ও মানসিক চাপ বাড়ছিল। এ নিয়ে তাদের পরিবারের সদস্যদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়। রণতরীটির দীর্ঘমেয়াদি মোতায়েনের প্রতিবাদে পরিবারের সদস্যরা বিক্ষোভ করেছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, পরিস্থিতি নিয়ে কথা বলতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারের এক উপদেষ্টা রণতরীটিতে যান। সেখানে ক্রুদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তাকে দুয়োধ্বনি দেওয়া হয় এবং তার দিকে পানির বোতল ছোড়া হয় বলে দাবি করা হয়েছে।
এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ক্রুদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগও রয়েছে। ওই ঘটনায় সাতজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে ইরানি সূত্রের দাবি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সংঘর্ষের পরও রণতরীটির ভেতরের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে।
আব্রাহাম লিংকনের দীর্ঘমেয়াদি মোতায়েন নিয়ে এরই মধ্যে মার্কিন সামরিক সদস্যদের পরিবারগুলোর উদ্বেগের খবর প্রকাশ পেয়েছে। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান, সরবরাহসংকট ও ক্রুদের ওপর মানসিক চাপের বিষয়ও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
ইরানি সূত্রের দাবি অনুযায়ী, রণতরীটি ২৬৩ দিন ধরে মোতায়েন রয়েছে এবং টানা ২০৮ দিন সমুদ্রে অবস্থান করেছে। তবে সাত নৌসেনা নিহত হওয়ার দাবির বিষয়ে এখনো স্বাধীন কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
এসএস




Comments