দিল্লির যন্তর মন্তরে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বুধবার দলের স্বেচ্ছাসেবকদের একটি সভার জন্য হল না পাওয়ার অভিযোগ তুলে তিনি ‘যন্তর মন্তর সিজন-টু’ শুরুর ঘোষণা দেন।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় অভিজিৎ দীপকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে জানতে চাইছেন, যন্তর মন্তর সিজন-টু কবে শুরু হবে। তাঁদের উদ্দেশে তিনি বলেন, খুব শিগগিরই এই আন্দোলন শুরু হতে যাচ্ছে।
দলের স্বেচ্ছাসেবকদের নিয়ে বুধবার দিল্লিতে একটি সভা আয়োজনের পরিকল্পনা ছিল বলে জানান তিনি। এ জন্য একটি হল ভাড়া নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন অভিজিৎ।
তার দাবি, অনেক চেষ্টা করে একটি হল পাওয়া গেলেও সভার দিন সকালে হলের মালিকদের ওপর চাপ দেওয়া হয়। তাঁদের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে কারা এই হুমকি দিয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি সিজেপি প্রতিষ্ঠাতা।
এ ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে অভিজিৎ দীপকে বলেন, এসবই বিজেপির সাজানো নাটক। তাঁর দাবি, বিজেপি দেশের যুবসমাজকে ভয় পায়।
তিনি বলেন, এ ধরনের ঘটনায় তাঁরা ভয় পেয়ে যাবেন—এমনটা কেউ মনে করলে তা হবে বড় ভুল। বরং এসব ঘটনার প্রতিবাদে তাঁদের আন্দোলন আরও জোরদার হবে।
অভিজিৎ দীপকে জানান, খুব শিগগিরই দিল্লির রাজপথে সিজেপির পরবর্তী কর্মসূচি দেখা যাবে।
সূত্র: বিবিসি বাংলা
এসএস




Comments