ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এমএ সবুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. হাসানুল ইসলামের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মোকাররম হোসাইন।
আদালত সূত্রে জানা যায়, মামলায় বুধবার আরও চারজনের সাক্ষ্যগ্রহণ করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত মামলাটিতে মোট ৩৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
মামলায় অভিযোগপত্র দাখিলের তথ্য গোপন করে হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার অভিযোগ রয়েছে এমএ সবুরের বিরুদ্ধে। গত ১৭ মে হাইকোর্ট তাকে আট সপ্তাহের মধ্যে চট্টগ্রামের জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। পরে গত ৯ জুলাই তিনি আদালতে আত্মসমর্পণ করেন।
দুদক জানায়, গত ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। পরে মামলায় অভিযোগ গঠন করা হয়।
বুধবার আদালতে এমএ সবুর সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার আবেদন নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এদিকে মামলায় দুদকের পক্ষ থেকে আরও চারজন সাক্ষী আদালতে হাজির করা হয়। তাদের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে।
এসএস




Comments