ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কায় এক ক্রিকেট কোচের মৃত্যু হয়েছে। শনিবার থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কার টেস্ট সিরিজ। এর ঠিক আগে মারা গেলেন শ্রীলঙ্কার কোচ সুমিত ফার্নান্ডো।
৬২ বছর বয়সী সুমিত কলম্বোর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ৮ আগস্ট ক্রিকেটারদের সঙ্গে হাতাহাতির ঘটনা থামাতে গিয়ে গুরুতর আহত হন তিনি। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
সুমিত ফার্নান্ডো ছিলেন শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক কুশল মেন্ডিসের শৈশবের কোচ। তার কোচিংয়েই ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল কুশলের।
কলম্বোর ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন সুমিত। সেখানে তিনি কিউরেটর হিসেবে কাজ করার পাশাপাশি খুদে ক্রিকেটারদের কোচিং করাতেন।
গত ৮ আগস্ট ওই ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণের সময় কয়েকজন তরুণ ক্রিকেটার পানি খেতে যান। কিন্তু কল থেকে পানি না পাওয়াকে কেন্দ্র করে তাদের সঙ্গে একাডেমির কর্মীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান সুমিত।
এ সময় ১৭ বছর বয়সী এক ক্রিকেটারের আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন চিকিৎসার পর তার মৃত্যু হয়।
ঘটনার পর ওই কিশোর ক্রিকেটারকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলা হয়েছিল। সুমিতের মৃত্যুর পর মামলায় আরও গুরুতর ধারা যুক্ত হতে পারে।
কলম্বোর আদালত ওই কিশোরকে পুলিশ হেফাজতে পাঠিয়েছেন। তবে সে নাবালক হওয়ায় তাকে চাইল্ড প্রোবেশন কাস্টডিতে রাখা হয়েছে।
এসএস




Comments