Image description

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগীদের একজন হিসেবে পরিচিত হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তবে চলতি আগস্টের শেষেই এ পদ ছাড়ছেন তিনি। দুই সন্তানকে আরও বেশি সময় দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন লেভিট।

মাত্র ২৮ বছর বয়সে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারির দায়িত্ব নিয়ে ইতিহাসে সবচেয়ে কম বয়সী ব্যক্তি হিসেবে এ পদে বসেছিলেন লেভিট। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রশাসনের অন্যতম দৃশ্যমান মুখ হয়ে ওঠেন তিনি।

রাজনীতিতে হাতেখড়ি কলেজজীবনেই

১৯৯৭ সালের ২৪ আগস্ট নিউ হ্যাম্পশায়ারে জন্ম ক্যারোলিন লেভিটের। সেন্ট অ্যানসেলম কলেজে রাজনীতি ও যোগাযোগ বিষয়ে পড়াশোনা করেন তিনি। কলেজে থাকতেই রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ফক্স নিউজে ইন্টার্ন হিসেবে কাজ করেন।

সে সময় থেকেই ট্রাম্পের প্রতি তার সমর্থন স্পষ্ট হয়ে ওঠে। কলেজের সংবাদপত্রে লেখা এক মতামত নিবন্ধে ট্রাম্পের প্রতি উদারপন্থি গণমাধ্যমের আচরণের সমালোচনা করেন তিনি।

ট্রাম্পের প্রথম মেয়াদেই ঘনিষ্ঠতা

২০১৯ সালে পড়াশোনা শেষ করার পর ট্রাম্পের প্রথম প্রশাসনে যোগ দেন লেভিট। শুরুতে প্রেসিডেন্টের লেখক হিসেবে কাজ করলেও পরে হোয়াইট হাউজের সহকারী প্রেস সেক্রেটারির দায়িত্ব পান।

২০২০ সালের নির্বাচনে ট্রাম্প পরাজিত হওয়ার পর রিপাবলিকান কংগ্রেসওম্যান এলিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক হিসেবে কাজ করেন তিনি। এরপর ২০২২ সালে নিউ হ্যাম্পশায়ারের প্রথম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে রিপাবলিকান প্রার্থী হিসেবে কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ডেমোক্রেটিক প্রার্থী ক্রিস পাপ্পাসের কাছে হেরে যান।

আবারও ট্রাম্পের পাশে

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারশিবিরের মুখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন লেভিট। ট্রাম্প নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বার হোয়াইট হাউজে ফেরার পর তাকেই প্রেস সেক্রেটারি হিসেবে বেছে নেন।

২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার সময় তার বয়স ছিল ২৭ বছর। ফলে মার্কিন ইতিহাসে সবচেয়ে কম বয়সী হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি হওয়ার রেকর্ড গড়েন তিনি। দায়িত্বে থাকা অবস্থায় ট্রাম্পের নীতির জোরালো সমর্থক এবং প্রশাসনের অন্যতম প্রধান মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন লেভিট।

ট্রাম্পের প্রশংসায় লেভিট

ট্রাম্প বিভিন্ন সময়ে লেভিটের কাজের প্রশংসা করেছেন। সম্প্রতি তার পদত্যাগের ঘোষণা দিতে গিয়ে ট্রাম্প তাকে হোয়াইট হাউজের অন্যতম সেরা প্রেস সেক্রেটারি হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে জানান, পদ ছাড়ার পরও লেভিট তার শীর্ষস্থানীয় বাইরের উপদেষ্টাদের একজন হিসেবে কাজ করবেন এবং রিপাবলিকান পার্টিতে প্রভাবশালী কণ্ঠ হিসেবে থাকবেন।

পরিবারকে সময় দিতে পদত্যাগ

লেভিটের দ্বিতীয় সন্তান জন্ম নেয় চলতি বছরের মে মাসে। এরপর মাতৃত্বকালীন ছুটি শেষে তিনি আবার হোয়াইট হাউজে ফেরেন। কিন্তু প্রেস সেক্রেটারির ব্যস্ততার সঙ্গে দুই ছোট সন্তানের দেখাশোনা সামলানো কঠিন হয়ে পড়ায় শেষ পর্যন্ত পদ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

লেভিট জানিয়েছেন, হোয়াইট হাউজে দায়িত্ব পালন তার জীবনের অন্যতম বড় সম্মান ও অভিজ্ঞতা। তবে সন্তানদের প্রয়োজনীয় সময় ও মনোযোগ দিতে এখন তিনি জীবনের নতুন অধ্যায়ে যেতে চান।

আগস্টের শেষ নাগাদ তার দায়িত্ব শেষ হওয়ার কথা। তবে হোয়াইট হাউজ ছাড়লেও ট্রাম্পের সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক পুরোপুরি শেষ হচ্ছে না। বাইরের উপদেষ্টা হিসেবে তিনি ট্রাম্পের সঙ্গে কাজ চালিয়ে যাবেন।

এসএস