‘রূপালি মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টায় দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এস এম হাবিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা বলেন, দেশের মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব। একই সঙ্গে মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্ব দেন তারা।
আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মৎস্যচাষী, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এম আর এ




Comments