বয়সের ব্যবধান নিয়ে নানা আলোচনা ও কটাক্ষ থাকলেও প্রেমের সম্পর্কে নিজেদের মতো করেই ভালো আছেন পরিচালক অনুরাগ কাশ্যপ ও শুভ্রা শেট্টি। অনুরাগের চেয়ে প্রায় ২০ বছরের ছোট শুভ্রাকে নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছে। সম্প্রতি যৌথ সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছেন দুজন।
৫৩ বছর বয়সী অনুরাগ জানান, শুভ্রা বিয়েতে বিশ্বাসী নন। তবে বিয়ে নিয়ে তাঁর নিজেরও এখন কোনো তাড়াহুড়ো নেই। শুভ্রার সঙ্গে থাকতেই তিনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। জীবনের নানা অভিজ্ঞতার পর এখন তিনি আরও সুস্থভাবে ও ভালোভাবে বাঁচতে চান বলেও জানান পরিচালক। অনুরাগের কথায়, জীবনের এই পর্যায়ে এসে তিনি আর কিছু হারাতে চান না। শুভ্রার সঙ্গে সম্পর্ক তাঁর কাছে তাই শুধু ভালো লাগার বিষয় নয়, বরং জীবনের প্রতি নতুন করে আগ্রহ তৈরি হওয়ারও একটি কারণ।
শুভ্রাও জানিয়েছেন, তাঁদের সম্পর্কের শুরুর দিনগুলোর একটি কথা আজও তাঁর মনে আছে। অনুরাগ নাকি আবেগের মুহূর্তে তাঁকে বলতেন, শুভ্রার সঙ্গে দেখা হওয়ার আগে তাঁর মৃত্যুকে ভয় লাগত না। কিন্তু শুভ্রার সঙ্গে পরিচয়ের পর তিনি অনেক দিন বাঁচতে চান। সেই স্মৃতি মনে করে এখনো হাসেন শুভ্রা।
তবে ২০ বছরের বয়সের ব্যবধান নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি অনুরাগকে। এ প্রসঙ্গে পরিচালক জানান, তাঁরা দুজন নিজেদের মতো করে সময় কাটান এবং নিজেদের সম্পর্ক নিয়ে সচেতন। শুরুতে বয়সের পার্থক্যের বিষয়টি নিয়ে তিনি কিছুটা বেশি সচেতন ছিলেন। তবে সময়ের সঙ্গে সেই অস্বস্তি অনেকটাই কাটিয়ে উঠেছেন।
অনুরাগের ব্যক্তিজীবনে এর আগেও একাধিক সম্পর্ক ও বিয়ে এসেছে আলোচনায়। তাঁর প্রথম স্ত্রী আরতি বাজাজ। ছয় বছরের দাম্পত্যজীবনে তাঁদের একটি মেয়ে রয়েছে। ২০০৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়।
এরপর অভিনেত্রী কল্কি কোয়েচলিনের সঙ্গে সম্পর্কে জড়ান অনুরাগ। ২০১১ সালে তাঁদের বিয়ে হয়। তবে সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি। প্রায় চার বছর পর তাঁদের বিচ্ছেদ ঘটে।
দুই দাম্পত্যের ইতি হওয়ার পর শুভ্রা শেট্টির সঙ্গে পরিচয় অনুরাগের। অনুরাগের প্রযোজনা প্রতিষ্ঠানে সহকারী পরিচালক হিসেবে কাজ করতেন শুভ্রা। ‘ফ্যান্টম’ সিনেমার কাজের পর দুজনের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ধীরে ধীরে তাঁদের মধ্যে তৈরি হয় প্রেমের সম্পর্ক।
২০১৫ সালে প্রথমবার তাঁদের একসঙ্গে দেখা যায়। এরপর থেকেই বলিউডে তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। কয়েক বছর ধরে সেই আলোচনা চলার পর ২০১৮ সালে নিজেদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর থেকে বয়সের ব্যবধান ও বিয়ের সম্ভাবনা নিয়ে নানা আলোচনা হলেও নিজেদের সম্পর্ক নিয়ে বেশ স্বচ্ছন্দেই আছেন অনুরাগ ও শুভ্রা।
এমআর




Comments