Image description

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রবিবার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও সাধারণ পথচারীরা।

পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ভারী বর্ষণে নগরীর রাহাত্তারপুল, বাকলিয়া, চকবাজার, নিউমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, কাপাসগোলা ও কাতালগঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের ওপরও জলজটের সৃষ্টি হয়েছে।

এদিকে ভারী বৃষ্টির পাশাপাশি গ্যাস সংকটের কারণে নগরীতে গণপরিবহন চলাচলও সীমিত হয়ে পড়েছে। অনেক সিএনজিচালিত অটোরিকশা সড়কে নামতে না পারায় যানবাহন সংকট আরও তীব্র হয়েছে। ফলে কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নগরীর পাশাপাশি বোয়ালখালীসহ বিভিন্ন উপজেলাতেও জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে বোয়ালখালীর চরখিজিরপুর-সাতগড়িয়াপাড়া এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে রয়েছেন।

জলাবদ্ধতার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী। তাদের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হলেও স্থায়ীভাবে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে আগামী দুই থেকে তিন দিন চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি নগরীর জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এসএ