Image description

দিনাজপুর সদর উপজেলায় ঘাতক ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার ৫ নং শশরা ইউনিয়নের জালিয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দিনাজপুর শহরের নয়নপুর এলাকার জুলফিকার আলী ভুট্টুর ছেলে ও দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থী রিফাত ইমন (২২) এবং একই এলাকার কামরুজ্জামান বাবলুর ছেলে এন্তাজুল হক সোহাগ (২৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী একটি দ্রুতগতির ট্রাক জালিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক রিফাত ইমন ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী এন্তাজুল হক সোহাগ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তারও মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত দুজনের পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও কাগজপত্র সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডিআর