Image description

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের দেওয়া সতর্কতা প্রতিবেদনটি সরকার আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি এই প্রতিবেদনকে ‘অনুমাননির্ভর’ বলে অভিহিত করেছেন।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি সরকারের এই অবস্থানের কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা বিষয়টি আমলে নিচ্ছি না। রিপোর্টটি আমি এখনো পড়িনি, তবে পত্রিকা থেকে যতটুকু জেনেছি তাতে বলা হয়েছে— তারা অনুমান করেছে এমন কিছু হতে পারে। প্রতিবেদনটি না দেখে আমি বিস্তারিত বলতে পারব না। তবে অনুমাননির্ভর কোনো রিপোর্টের ওপর আমরা নির্ভর করতে পারি না।"

দেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পরিকল্পনা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, "জ্বালানি ও বিদ্যুৎ সংকট যেন না হয়, সেজন্য বিশ্বজুড়ে ব্যাপক বিনিয়োগের আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি অভ্যন্তরীণ বিনিয়োগও হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতারবাড়িতে ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল করার সিদ্ধান্ত দিয়েছেন। মহেশখালীতে আরেকটি এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) স্থাপনের জায়গা নির্ধারণে জরিপ চলছে। জি-টু-জি ভিত্তিতে দুটি এফএসআরইউ নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।"

বর্তমানে সামিট ও এক্সিলারেট এনার্জির মাধ্যমে সরবরাহকৃত এলএনজি টার্মিনালগুলোতে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝে মাঝে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এমন সমস্যায় সরকার বর্তমানে পড়ছে এবং স্থায়ী সমাধানের চেষ্টা চলছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "গত ছয় মাসে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি করতে পেরেছে। তবে জনগন বা জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতি করতে আরও সময়ের প্রয়োজন। এই সময়ের মধ্যে অনেক সংস্কার কাজ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ লক্ষ্য করা গেছে।"

সরকারের বর্তমান মেয়াদের ১৮০ দিন পার হওয়া প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাস্তবায়ন শুরু হওয়া কর্মসূচিগুলো প্রশংসিত হয়েছে। বিশেষ করে দুই-একটি সংকটময় পরিস্থিতি অত্যন্ত সফলতার সঙ্গে মোকাবিলা করা হয়েছে।

সবশেষে স্বরাষ্ট্রমন্ত্রীকে অন্য কোনো দপ্তরে সরিয়ে নেওয়া হতে পারে এমন গুঞ্জন প্রসঙ্গে জানতে চাইলে তিনি হাসিমুখে উত্তর দেন, "আমিও এমন গুঞ্জন শুনছি।"

ডিআর