Image description

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৬৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয় দিবস কমিটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ১০টায় প্রশাসনিক ভবনসংলগ্ন চত্বর থেকে উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার নেতৃত্বে একটি আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হেলিপ্যাডে গিয়ে শেষ হয়।

পরে হেলিপ্যাডে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে এবং সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহর সঞ্চালনায় বক্তব্য দেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান, সোনালী দলের সভাপতি প্রফেসর ড. মো. হাম্মাদুর রহমান এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ১৯৫২ থেকে ২০২৪ সাল পর্যন্ত গণতন্ত্র ও স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগকারী বীর শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তিনি বলেন, ১৯৬১ সালের ১৮ আগস্ট প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দীর্ঘ চড়াই-উতরাই পেরিয়ে আজ দেশ-বিদেশে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা রাখছে। বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে তিনি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়মানুবর্তিতা, ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষা ও গবেষণায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

পরে উপাচার্য ব্রহ্মপুত্র নদে মৎস্য বিজ্ঞান অনুষদের আয়োজনে মাছের পোনা অবমুক্ত করেন।

এছাড়া প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকালে ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: ৬৫ বছরের গৌরবোজ্জ্বল পথচলা’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। দুপুরে বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, আবাসিক হলগুলোতে বৃক্ষরোপণ এবং বিকেলে সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে আলোচনা সভার আয়োজন করা হয়।

এসএ