ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস—এমন সংবাদ ও কিছু ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যম ও বৈশ্বিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের এই বিশ্বসেরা ডিফেন্ডারের ইসলাম গ্রহণের খবরটি প্রথম সামনে আনে তুরস্কের গণমাধ্যম।
ঘটনার সূত্রপাত হয় তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলী শাহিনের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। তিনি তার ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে সাও পাওলোতে ব্রাজিলের মুসলিম কমিউনিটির প্রতিনিধিদের সাথে একটি ছবি প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন, সাও পাওলোর বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ জিহাদ হামাদার সাথে তার কথা হয়েছে।
এমপি আলী শাহিনের ভাষ্যমতে, শেখ জিহাদ হামাদা তাকে জানিয়েছেন যে, রবার্তো কার্লোস দীর্ঘ সময় ধরে তার সংস্পর্শে ছিলেন এবং প্রায় চার সপ্তাহ আগে তিনি শাহাদা পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন। এই দাবি সামনে আসার পরই ফুটবল বিশ্বে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে।
কার্লোসের ইসলাম গ্রহণের এই গুঞ্জনের সাথে তার ব্যক্তিগত জীবনের একটি নতুন অধ্যায়ও যুক্ত হয়েছে। সম্প্রতি মরক্কো বংশোদ্ভূত ফিফা-স্বীকৃত প্লেয়ার্স এজেন্ট সৌহাইলা এল তাহিরির সাথে কার্লোসের বিয়ের ছবি ইন্টারনেটে ভাইরাল হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৫ জুলাই ঘরোয়া পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মুসলিম সংস্কৃতির সাথে কার্লোসের এই পারিবারিক বন্ধন তার ধর্ম পরিবর্তনের গুঞ্জনকে আরও জোরালো করেছে।
তবে ৫৩ বছর বয়সী এই ফুটবল নক্ষত্র কিংবা তার কোনো অফিশিয়াল মুখপাত্রের পক্ষ থেকে এখন পর্যন্ত ইসলাম গ্রহণের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। গোল ডট কম এবং ডেইলি সাবাহর মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পুরো বিষয়টি বর্তমানে কেবল তুর্কি এমপি ও স্থানীয় স্কলারের দাবির ওপর ভিত্তি করেই প্রচার হচ্ছে। যেহেতু কার্লোস নিজে এ বিষয়ে মুখ খোলেননি, তাই সংবাদটি এখনো শতভাগ নিশ্চিত নয়।
ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী এবং রিয়াল মাদ্রিদের হয়ে অসংখ্য শিরোপাজয়ী এই তারকার ফ্রি-কিকের জাদুতে মুগ্ধ কোটি কোটি ভক্ত এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রিয় তারকার কাছ থেকে সত্যতা জানার জন্য।
ডিআর




Comments