Image description

ভারতের কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, সন্তান ও শ্বশুরসহ নিহত হয়েছেন বাংলাদেশের সাংবাদিক দেবাশীষ দত্ত। তিনি দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি এবং কুষ্টিয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দেবাশীষ দত্ত ওই পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। নিহতদের মধ্যে রয়েছেন দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শিম্মিন, ছেলে শর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম হোসেন।

স্থানীয় ওয়েলফেয়ার কমিটির সদস্য মহীশূরের বরাতে জানা গেছে, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে আটজন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই ও এনডিটিভিসহ কয়েকটি সংবাদমাধ্যমও নিহত বাংলাদেশি নাগরিকদের পরিচয় নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, নিহত বাংলাদেশি নাগরিকদের কয়েকজন চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় গিয়েছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনায় স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

এম আর এ