কালীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জামালপুর ডিগ্রি কলেজ
এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং সফলতার সাথে কৃতকার্য হওয়া শিক্ষার্থীদের উৎসাহিত করতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুরে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৯ আগস্ট) কালীগঞ্জের ঐতিহ্যবাহী জামালপুর ডিগ্রি কলেজ মাঠে এই জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবারের পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ ও জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের ফুল ও সংবর্ধনা স্মারক দিয়ে ভূষিত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। জামালপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি হাজী জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।
এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণে অংশ নেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হুমায়ুন কবীর, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু এবং জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ দেওয়ান সহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ববৃন্দ।
অনুষ্ঠানে কালীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলার নানা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, কৃতী শিক্ষার্থীদের এই বড় অর্জনকে স্মরণীয় করে রাখতে এবং আগামী দিনে উচ্চশিক্ষা ও দেশসেবায় অনুপ্রাণিত করতেই প্রতিবছরের ন্যায় এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শেষে সংবর্ধিত সকল শিক্ষার্থীর হাতে বিশেষ উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।




Comments