চার মাসের বকেয়া বেতন পরিশোধ ও চাকরি বহাল রাখার দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স লিমিটেডের দুই শতাধিক পোশাকশ্রমিক। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নগরের অক্সিজেন-মুরাদপুর সড়কের আতুরার ডিপো মোড়ে অবস্থান নেন তাঁরা। এতে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।
শ্রমিকদের অভিযোগ, হঠাৎ নোটিশ দিয়ে কারখানার মালিকানা হস্তান্তরের কথা জানানো হয়েছে। নতুন মালিকের অধীনে চাকরি বহাল রাখার কথা বলা হলেও চার মাসের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে তাঁদের কোনো সুস্পষ্ট নিশ্চয়তা দেওয়া হয়নি। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।
শ্রমিকরা জানান, নোটিশে আগামী ২০ থেকে ২২ আগস্টের মধ্যে নতুন মালিক কারখানায় এসে শ্রমিক প্রতিনিধি, বিজিএমইএ প্রতিনিধি ও রাষ্ট্রপক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে উল্লেখ করা হয়েছে। তবে বকেয়া বেতন নিয়ে এখনো কোনো নিশ্চয়তা না পাওয়ায় তাঁরা উদ্বিগ্ন।
রহিমা নামের এক শ্রমিক বলেন, “নতুন মালিকের অধীনে কাজ করতে বলা হচ্ছে। কিন্তু আমাদের বকেয়া বেতনের বিষয়ে কেউ কোনো সমাধান দিচ্ছে না।”
আরেক শ্রমিক শারমিন বলেন, “চার মাস ধরে বেতন পাইনি। এখন শুনছি কারখানা বিক্রি হয়ে গেছে। বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। বেতন পরিশোধ না করা পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না।”
অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে বিকেল ৪টার দিকে পুলিশের আশ্বাসের পর শ্রমিকরা সড়ক থেকে সরে যান। এতে যান চলাচল স্বাভাবিক হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, কারখানার মালিকানা পরিবর্তন ও চার মাসের বকেয়া বেতন নিয়ে শ্রমিকরা আন্দোলনে নেমেছিলেন। আতুরার ডিপো এলাকায় সড়ক অবরোধের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল ৪টার দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
তিনি আরও জানান, শ্রমিকদের বেতন-ভাতাসহ অন্যান্য সমস্যা সমাধানে শ্রমিক নেতা ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে।




Comments