| ছবি : মানবকণ্ঠ
কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্দুল্লাহ আল মাসুম (৩০), তার স্ত্রী মীম আক্তার (২৪) ও সাইফুল আলীম (৫৫) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যকে জখমের অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ বাজার এলাকার কবির মিয়ার মার্কেটে মাসুমের এনজিও কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল্লাহ আল মাসুম গাংগাটিয়া গ্রামের হাজী মো. কবির সওদাগরের ছেলে। তার স্ত্রী মীম আক্তার এবং সাইফুল আলীম ছয়ফুল্লাকান্দি গ্রামের মৃত আব্দুল গফুর মাস্টারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় পুলিশের একটি দল বাখরাবাদ বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মাসুমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, মাসুমকে গ্রেপ্তারের সময় অপর দুই আসামিসহ অজ্ঞাত কয়েকজন পুলিশের ওপর হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, মাসুম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। মাদক ব্যবসায় তার স্ত্রীসহ আরও কয়েকজন সহযোগিতা করতেন বলেও অভিযোগ রয়েছে।
মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি মাদক মামলা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক একটি মামলা করা হয়েছে। মাসুমের বিরুদ্ধে আগের মাদক মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে।
শুক্রবার দুপুরে গ্রেপ্তার তিনজনকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। মুরাদনগরকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।
এনএ




Comments