‘মানবিকতার ছোঁয়ায়’—এই স্লোগানকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে বেদে সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা প্রশাসক মিজ্ ফরিদা খানম। দীর্ঘদিন পর অনগ্রসর এই জনগোষ্ঠীর পাশে প্রশাসনের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় বেদে পল্লির বাসিন্দাদের মধ্যে খাদ্যসামগ্রী, বস্ত্র, ঢেউটিন ও শিশুদের খেলনা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়নের রূপনগর এলাকার বেদে পল্লিতে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা প্রশাসক মিজ্ ফরিদা খানম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে এক সপ্তাহের মধ্যে ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে। যেসব পরিবারের ঘর নেই, তাদের জন্য জমির ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। সরকারি জমি উদ্ধার করে অনগ্রসর বেদে সম্প্রদায়ের মধ্যে বরাদ্দ দেওয়ার কথাও জানান তিনি।
এ ছাড়া বেদে পল্লির নারীদের জীবনমান উন্নয়নে ২৫টি সেলাই মেশিন দেওয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক।
ফরিদা খানম বলেন, বেদে পল্লিতে বসবাসরত কোনো পরিবারের শিশু যেন পড়ালেখা থেকে ঝরে না পড়ে, সে বিষয়ে প্রশাসন কাজ করবে। তিনি বলেন, “আপনাদের পাশে আমি আছি। কোনোভাবেই বেদে সম্প্রদায়কে পিছনে ফেলে রাখা যাবে না। তাদের সন্তানরাও পড়ালেখা করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
জেলা প্রশাসকের উপস্থিতিতে বেদে পল্লির ৬৩টি পরিবারের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়। এ ছাড়া ১২টি পরিবারকে ঢেউটিন এবং প্রতিটি পরিবারকে ৬ হাজার টাকা করে মোট ৭২ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হয়। পাশাপাশি ১১৩ জন নারীর মধ্যে শাড়ি ও থ্রিপিস এবং ২০০ শিশুর মধ্যে খেলনা বিতরণ করা হয়।
স্থানীয়রা জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে নানা ধরনের সামাজিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে বসবাস করা বেদে সম্প্রদায়ের জন্য এ ধরনের সহায়তা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসএ




Comments