Image description

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, সরকার যদি বর্তমান ধারায় চলতে থাকে এবং জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়, তবে এই পথ ধরেই হয়তো সরকারের পতন ঘটবে। তিনি উল্লেখ করেন, নির্বাচনের মাধ্যমে দেশের সব সমস্যা সমাধানের কথা বলা হলেও বাস্তবে পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি। উল্টো দেশে খুনের ঘটনা থামছে না, চাঁদাবাজি কয়েক গুণ বেড়েছে এবং সরকারি দপ্তরগুলোতে সিন্ডিকেটের প্রভাব আরও শক্তিশালী হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বেলা ২টার দিকে জামালপুর শহরের লুইস ভিলেজে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, “সরকার যদি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারে, তবে এর মধ্য দিয়েই পতনের ঘণ্টা বাজতে পারে। আমরা সরকারকে অনুরোধ করব, দ্রুত কার্যকরী পদক্ষেপ নিয়ে এসব জাতীয় সংকট সমাধান করার জন্য। দেশের স্বার্থে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকা একান্ত প্রয়োজন।”

প্রশাসনিক নিয়োগের সমালোচনা করে শিবির সভাপতি আরও বলেন, প্রতিটি গুরুত্বপূর্ণ দপ্তরে অযোগ্য ব্যক্তিদের বসানো হয়েছে। এই অযোগ্যদের মাধ্যমে যোগ্যতার সঠিক মূল্যায়ন হচ্ছে না। সিন্ডিকেট, দুর্নীতি ও ঘুষ বন্ধে সরকারের ব্যর্থতার কারণে অনিয়ম এখন মাত্রা ছাড়িয়ে গেছে বলে তিনি দাবি করেন।

দেশে চলমান গ্যাস-সংকট প্রসঙ্গে তিনি বলেন, “গ্যাস সংকটের ক্ষেত্রেও সরকারের সদিচ্ছার চরম অভাব লক্ষ্য করা যাচ্ছে। বিরোধী দলগুলো যখন এই সংকট নিরসনে বিভিন্ন গঠনমূলক পরামর্শ দিচ্ছে, তখন সরকার তা গ্রহণ না করে উল্টো তুচ্ছতাচ্ছিল্য করছে।”

এর আগে, ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি উপহার হিসেবে পবিত্র কোরআন শরিফ, কলেজ ব্যাগ, কলমদানি, চাবির রিং, কলম, ইসলামিক বই ও দোয়ার স্টিকার তুলে দেওয়া হয়।

জাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো. মামুনুর রশীদের সভাপতিত্বে ও সেক্রেটারি ফাহাদ আহমদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী, সাধারণ শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ডিআর