বিএনপির সাবেক মহাসচিব আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব ও প্রথিতযশা রাজনীতিক মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডে অবস্থিত জামালপুর সমিতির স্বাস্থ্যসেবা কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। আলোচনা সভায় বক্তারা ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, "ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ছিলেন একজন অনন্য কারিশমাটিক নেতা। দল-মত নির্বিশেষে সবার মতামতকে তিনি অত্যন্ত গুরুত্ব দিতেন। তাঁর নেতৃত্বের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল দূরদর্শিতা এবং সাধারণ মানুষের সঙ্গে খুব সহজে মিশে যাওয়ার ক্ষমতা।" তিনি আরও বলেন, জাতীয় রাজনীতির পাশাপাশি তিনি নিজ এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে সব সময় পাশে দাঁড়িয়েছেন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
স্মরণসভায় বক্তারা মরহুম নেতার রেখে যাওয়া আদর্শ ও রাজনৈতিক দিকনির্দেশনা অনুসরণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর সমিতির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সফিউল আলম তালুকদার, যুগ্ম মহাসচিব মো. হুমায়ুন কবীর স্বপন, উপদেষ্টা অধ্যাপক ডা. আব্দুর রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, সহ-সভাপতি আফজাল খান, সহ-সভাপতি হাসিনুর রহমান চৌধুরী, হাবিবুল্লাহ তরফদার রাসকিন, আমিনুল ইসলাম ও সুজাত আলীসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ডিআর




Comments