Image description

চোটের কারণে ডারউইনে ইতিহাস গড়া ম্যাচে মাঠে নামতে পারেননি শরিফুল ইসলাম। তবে সেই আক্ষেপ যেন সুদে-আসলে মিটিয়ে নিলেন মেকাই টেস্টে। বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের দিনে প্রথমে ব্যাট হাতে প্রতিরোধ এবং পরে বল হাতে আগুন ঝরিয়ে গড়লেন এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে একাধিক সংস্করণে ৫ উইকেট নেওয়া বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখালেন এই বাঁহাতি পেসার।

গত জুনে দেশের মাটিতে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছিলেন শরিফুল। সেবার ৪৮ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিংয়ের নজির গড়েছিলেন তিনি। এবার মেকাই টেস্টেও সেই ধারাবাহিকতা ধরে রেখে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন এই পেসার।

প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত এই টেস্টে ৬ উইকেট শিকার করেছেন শরিফুল। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টেস্ট—দুই সংস্করণেই ৫ উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়লেন তিনি। বাংলাদেশের আর কোনো বোলারের এমন বৈচিত্র্যময় অর্জন নেই।

তবে সব সংস্করণ মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাধিকবার ৫ উইকেট নেওয়া বাংলাদেশি বোলার হিসেবে শরিফুলের আগে ছিলেন কেবল সাকিব আল হাসান। ২০১৭ সালে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক টেস্টের দুই ইনিংসেই ৫টি করে উইকেট নিয়েছিলেন সাকিব। এবার সেই সংক্ষিপ্ত তালিকায় যুক্ত হলো শরিফুলের নাম। সাকিবের রেকর্ডটি ছিল একই ম্যাচের দুই ইনিংসে, আর শরিফুল গড়লেন ভিন্ন দুই সংস্করণে ৫ উইকেট নেওয়ার অনন্য এক নজির।

ডিআর