সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের নির্মূলে পুলিশকে আরও কার্যকর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের নির্মূলে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শনিবার (২২ আগস্ট) সন্ত্রাসীদের হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত সাতজনের মধ্যে ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, তবে পুলিশের আরও কিছু কাজ বাকি আছে যা যথাযথভাবে সম্পন্ন করতে হবে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা সমাজ থেকে সন্ত্রাসীদের নির্মূল করতে চাই। ডিএমপি ও মেট্রোপলিটন এলাকায় যারা চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টহল ও অন্যান্য কার্যক্রম আরও জোরদার করা হবে।
চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ চলছে। তাদের সঙ্গে পুলিশের কোনো সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে সেই সদস্যদেরও তালিকাভুক্ত করা হবে। অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন।
ডিআর




Comments