Image description

নরসিংদীর মনোহরদীতে বাড়িতে ঢুকে আকাশ মিয়া (২৫) নামে এক অটোচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আকাশ মিয়া ওই গ্রামের কৃষক আফতাব উদ্দিনের ছেলে। তিনি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি তার পরিবার ও পুলিশ।

নিহতের বাবা আফতাব উদ্দিন জানান, বাড়ির একটি ঘরের এক পাশে গরু এবং অন্য পাশে আকাশ ঘুমাতেন। শনিবার ভোরে তিনি ঘুম থেকে উঠে আকাশকে ডেকে গরুটি বের করে দেন। পরে গরু নিয়ে তিনি মাঠে চলে যান। আকাশের মা-ও তার বোনের বাড়িতে যান।

সকাল ৯টার দিকে বাড়িতে ফিরে তারা ঘরের দরজা খোলা দেখতে পান। ভেতর থেকে গোঙানির শব্দ শুনে দৌড়ে গিয়ে আকাশকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার ডান চোখের ওপরের অংশে ধারালো অস্ত্রের কোপ এবং মাথায় গুরুতর আঘাত ছিল। তিনি তখনও জীবিত থাকলেও কথা বলতে পারছিলেন না।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে মনোহরদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মনোহরদী থানার উপপরিদর্শক আবেদ আলী বলেন, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই যুবককে হত্যা করা হয়েছে। তবে কারা এবং কী কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

 এনএ