Image description

২০২৫ সালে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ২০ হাজার ৪৯২টি যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগন।

তবে পেন্টাগন বলছে, সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের ঘটনা আগের তুলনায় কমেছে। ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে এমন ঘটনার সংখ্যা প্রায় ৮ হাজার ৫০০ কমেছে।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, যৌন নিপীড়নের ঘটনায় পুরুষ ও নারী—উভয় সামরিক সদস্যের বিরুদ্ধেই অভিযোগ রয়েছে। ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে উভয় ক্ষেত্রেই অভিযোগের হার কমেছে। নারী সদস্যদের ক্ষেত্রে এই হার কমেছে ২৪ দশমিক ৭ শতাংশ এবং পুরুষ সদস্যদের ক্ষেত্রে ১৭ দশমিক ৫ শতাংশ।

তবে যৌন নিপীড়নের ঘটনা প্রকাশ্যে আসার হার বেড়েছে। ২০২৩ সালে ঘটে যাওয়া এসব ঘটনার মাত্র ২৫ শতাংশ আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল। ২০২৫ সালে অভিযোগ জানানোর হার বেড়ে ৩৩ শতাংশে পৌঁছেছে।

পেন্টাগন সামরিক সদস্যদের যৌন নিপীড়নের ঘটনা আনুষ্ঠানিকভাবে জানানোর আহ্বান জানিয়েছে। তাদের মতে, অভিযোগ করা হলে ভুক্তভোগীরা চিকিৎসা ও মানসিক সহায়তা পেতে পারেন। একই সঙ্গে কর্তৃপক্ষের পক্ষে ঘটনা তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনা সহজ হয়।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মী ও প্রস্তুতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যান্টনি জে. টাটা বলেন, যৌন নিপীড়ন ও হয়রানি সামরিক বাহিনীর শৃঙ্খলা ও পারস্পরিক আস্থাকে ক্ষতিগ্রস্ত করে। এসব ঘটনা বাহিনীর কার্যক্রম ও প্রস্তুতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।

পেন্টাগন জানিয়েছে, সামরিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ বাহিনী গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে মার্কিন প্রশাসন।

এসএস