Image description

বরেন্দ্র অঞ্চলের কৃষির চাকা সচল রাখতে সেচ ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আরও গতিশীল হওয়ার নির্দেশ দিয়েছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন। একই সঙ্গে চলমান প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করার পাশাপাশি গুণগত মান নিশ্চিত এবং মাঠপর্যায়ের সমস্যা দ্রুত সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (২৩ আগস্ট) রাজশাহীতে বিএমডিএর প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেন তিনি। সভায় সংস্থাটির চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সেচ ব্যবস্থাপনা ও মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতির বক্তব্যে বিএমডিএ চেয়ারম্যান বলেন, ‘বরেন্দ্র অঞ্চলের কৃষকরাই এ অঞ্চলের অর্থনীতির মূল চালিকা শক্তি।’ তাই কৃষকের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিএমডিএর প্রতিটি প্রকল্প ও কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। মাঠপর্যায়ের সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধানের পাশাপাশি কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কর্মকর্তাদের আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষি, কৃষক ও মানুষের জীবনমানের উন্নয়নে বিএমডিএ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষকের উৎপাদন বাড়ানো, সেচ সুবিধা সম্প্রসারণ, পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং কৃষিকে আধুনিক ও লাভজনক করতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সংস্থাটি কাজ করছে।

বিএমডিএ চেয়ারম্যান আরও বলেন, ‘কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি সমৃদ্ধ হলে দেশ এগিয়ে যাবে।’ বরেন্দ্র অঞ্চলের কৃষিকে টেকসই ও সমৃদ্ধ করতে বিএমডিএ সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।

সভায় বিএমডিএর নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান বলেন, চলমান উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি প্রতিটি কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। মাঠপর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষক ও সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নই বিএমডিএর মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল ও কৃষকবান্ধব করতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় বিএমডিএর চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি, সেচ অবকাঠামো, কৃষকদের বিভিন্ন সমস্যা, মাঠপর্যায়ের কার্যক্রমে প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ এলাকার চলমান কার্যক্রম ও সমস্যাগুলো তুলে ধরেন এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে মতামত দেন।

সভায় বিএমডিএর পরিচালনা বোর্ডের সদস্য শফিকুল আলম সমাপ্ত, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রকৌশলী ও মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএ