Image description

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবার (২৪ আগস্ট) বিকেলে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধান বিচারপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান।

এ সময় তিনি সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যক্রম, আদালত পরিচালনা এবং বিচার বিভাগের বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এসব তথ্য জানান।

প্রধান বিচারপতি বিচারাঙ্গনে অতিরিক্ত মামলার চাপ, দক্ষ জনবলের ঘাটতি ও অবকাঠামোগত সংকটসহ বিভিন্ন সমস্যার কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে তিনি রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, প্রতিদিন যে সংখ্যক মামলা নিষ্পত্তি হচ্ছে, তার চেয়ে বেশি মামলা দায়ের হচ্ছে। ফলে মামলার জট কমানো কঠিন হয়ে পড়ছে।

রাষ্ট্রপতি মামলার জট নিরসনে সালিশি নিষ্পত্তি এবং গ্রাম আদালত ব্যবস্থাকে আরও বিস্তৃত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিচার বিভাগের অন্যান্য সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব, সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

এসএস