Image description

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ কেজির বেশি অপ্রচলিত মাদক ‘কুশ’সহ দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাদের কাছ থেকে তিন লিটার মদ ও ২৪টি ভারতীয় শাড়িও জব্দ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাসিন্দা সানোয়ার আলী ও ইমতিয়াজ আহমেদ।

ডিএনসি জানায়, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে তারা দুপুরে ঢাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে তাদের আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাদের ট্রাভেল ট্রলিতে শাড়ির আড়ালে লুকিয়ে রাখা ৫ কেজি ৪০ গ্রাম কুশ, তিন লিটার মদ ও ২৪টি ভারতীয় শাড়ি পাওয়া যায়।

এ ছাড়া তাদের কাছ থেকে দুটি ভারতীয় পাসপোর্ট, চারটি স্মার্টফোন, ৪০০ মার্কিন ডলার, ১ হাজার ১৭০ থাই বাথ এবং সমপরিমাণ ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।

ডিএনসির বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা করেছেন।

ডিএনসি আরও জানিয়েছে, গ্রেপ্তার দুজনের সঙ্গে জড়িত কয়েকজন বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ডিএনসি বিমানবন্দর শাখার তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে কুশের তিনটি চালান জব্দ করা হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই ভারতের নাগরিক। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় তিনটি মামলা হয়েছে।

এর আগে গত শনিবার ৩ কেজি কুশসহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়। এছাড়া গত মঙ্গলবার বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশের আরেকটি চালান আটক করা হয়। ওই ঘটনায় জড়িত দুজনের পাসপোর্ট উদ্ধার হলেও তারা পালিয়ে যায়।

ডিএনসির দাবি, সাম্প্রতিক তিনটি চালানের সঙ্গে জড়িত ব্যক্তিরাই থাই এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় এসেছিলেন। তাদের কাছ থেকে থাইল্যান্ডের বাথ, ভারতীয় রুপি ও মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে।

 এসএস