Image description

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে জন্মহার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় সন্তান নেওয়ার ক্ষেত্রে তরুণ দম্পতিদের উৎসাহিত করতে বড় ধরনের আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিটি শিশুর জন্ম থেকে ১৭ বছর বয়স পর্যন্ত বিভিন্ন ধাপে প্রায় ৭০ হাজার সিঙ্গাপুরি ডলার সহায়তা দেওয়া হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ লাখ টাকার সমান।

সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী লরেন্স ওং এ বিশেষ সহায়তার ঘোষণা দেন। সিঙ্গাপুরে জন্মহার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় এ আর্থিক প্যাকেজ চালু করা হয়েছে।

নতুন ব্যবস্থায় একটি শিশু জন্মের পর অভিভাবকেরা এককালীন ১০ হাজার ডলার নগদ সহায়তা পাবেন। পাশাপাশি শিশুর অ্যাকাউন্টে জমা হবে আরও ৫ হাজার ডলার। এরপর শিশুর বয়স ১ থেকে ১৬ বছর পর্যন্ত প্রতি বছর ২ হাজার ডলার করে নগদ সহায়তা দেওয়া হবে। ১৭ বছর বয়সে উচ্চশিক্ষার খরচের জন্য আরও ১০ হাজার ডলার দেওয়া হবে।

এ ছাড়া নতুন মা-বাবার জন্য মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি বাড়ানো এবং বাড়ি কেনার ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে।

সিঙ্গাপুরে জীবনযাত্রার ব্যয় বেশি হওয়া এবং কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ব্যস্ত থাকার কারণে অনেক দম্পতি সন্তান নেওয়ার বিষয়ে দ্বিধায় থাকেন। সরকারের আশা, এই আর্থিক সহায়তা ও অন্যান্য সুবিধা তরুণ দম্পতিদের সন্তান নিতে উৎসাহিত করবে এবং দেশটির কমে যাওয়া জন্মহার বাড়াতে সহায়তা করবে।

সূত্র: ইকোনমিক টাইম

এসএস