আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোলের সময় ব্যবহৃত ফুটবলটি নিলামে বিক্রি হয়েছে ২৫ লাখ পাউন্ডে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৪২ কোটি টাকা।
যুক্তরাষ্ট্রের হেরিটেজ অকশনে নিলামে তোলা হয় ১৯৮৬ বিশ্বকাপের সেই ঐতিহাসিক ম্যাচে ব্যবহৃত অ্যাডিডাস অ্যাজটেকা ফুটবলটি। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে এই বল দিয়েই বিতর্কিত সেই গোল করেছিলেন ম্যারাডোনা।
ম্যাচে ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিল্টনের সামনে উঠে হাত দিয়ে বল জালে পাঠান ম্যারাডোনা। গোলটি নিয়ে পরে তিনি বলেছিলেন, গোলটি তার মাথা এবং ‘ঈশ্বরের হাতের’ মাধ্যমে হয়েছে। সেই থেকেই গোলটি ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত হয়ে ওঠে।
একই ম্যাচে এই বল দিয়েই ম্যারাডোনা মাঝমাঠ থেকে দৌড়ে ইংল্যান্ডের পাঁচ খেলোয়াড়কে কাটিয়ে দ্বিতীয় গোলটি করেন। গোলটি পরবর্তীতে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোল হিসেবে স্বীকৃতি পায়।
ম্যাচটির রেফারি আলী বিন নাসের প্রায় তিন দশক বলটি নিজের কাছে সংরক্ষণ করে রেখেছিলেন। ম্যাচ শেষে তিনি বলটি সংগ্রহ করেন। ২০২৩ সালে এক চিঠিতে স্বাক্ষর করে তিনি নিশ্চিত করেন, ওই ম্যাচে কেবল এই বলটিই ব্যবহার করা হয়েছিল।
এর আগে ২০২২ সালে বিন নাসের বলটি ১৭ লাখ ৪০ হাজার পাউন্ডে বিক্রি করেছিলেন। পরে নতুন মালিক ২০২৩ সালে সেটি নিলামে তোলেন। তবে সে সময় প্রত্যাশিত সর্বনিম্ন দাম না ওঠায় বলটি বিক্রি হয়নি।
নিলামকারী সংস্থার প্রত্যাশা ছিল এবার বলটি আরও বেশি দামে বিক্রি হবে। তবে শেষ পর্যন্ত ২৫ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে ফুটবলটি।
ম্যারাডোনার ওই ম্যাচে পরা জার্সিও ২০২২ সালে নিলামে রেকর্ড ৭১ লাখ পাউন্ডে বিক্রি হয়েছিল।
এসএস




Comments