Image description

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। জেলার ১৪টি উপজেলার দলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টায় নগরীর ময়মনসিংহ স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় সদর উপজেলা ও গৌরীপুর উপজেলা দল। ম্যাচে ২-১ গোলে জয় পায় সদর উপজেলা দল।

খেলা শুরুর আগে জেলার ১৪টি উপজেলার বৈচিত্র্য ও ঐতিহ্য তুলে ধরে রচিত গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। এর সঙ্গে ক্ষুদে শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা দর্শকদের বাড়তি আনন্দ দেয়। স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত বিভিন্ন বয়সী ও শ্রেণি-পেশার মানুষ করতালি দিয়ে শিল্পীদের উৎসাহিত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ন কবীরের সভাপতিত্বে বক্তব্য দেন ফুলবাড়ীয়া আসনের এমপি মোহাম্মদ কামরুল হাসান মিলন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এমএ হান্নান খান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম মাহাবুবুল আলম মাহাবুব এবং ক্রীড়া সংগঠক ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটনসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি বলেন, তরুণ প্রজন্মকে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব।

জাতীয় খেলা হাডুডু নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি জেলা প্রশাসকের প্রতি এ বিষয়ে একটি টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আল আমিন বলেন, নকআউট পদ্ধতিতে আয়োজিত এ টুর্নামেন্টে ১৪টি দলের অংশগ্রহণে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ৪ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এসএ