মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় পথসভা
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল এবং ২০০৬ সালের ঐতিহাসিক ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে গোবিন্দগঞ্জ থানামোড়ে গণতান্ত্রিক অধিকার কমিটির উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়। ঢাকা থেকে ফুলবাড়ী অভিমুখে পরিচালিত প্রচারযাত্রার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বাসদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমরেড রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড কালা মানিক দেবের সঞ্চালনায় পথসভায় বক্তারা বক্তব্য দেন।
বক্তারা মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানিয়ে বলেন, ২০০৬ সালের ঐতিহাসিক ফুলবাড়ী চুক্তির সব শর্ত পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট সমাধানে জনবান্ধব নীতি গ্রহণের আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, জনগণের সম্পদ গ্যাস, বিদ্যুৎ ও রাষ্ট্রায়ত্ত খাতকে ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়া বা বেসরকারিকরণের প্রক্রিয়া বন্ধ করতে হবে। অন্যথায় সাধারণ মানুষের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠবে।
পথসভায় বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুমাইয়া আক্তার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কমরেড ইভান তাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কমরেড মোজাম্মেল হক এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব কাজী আবু রাহেন শফিউল্লাহ।
কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমএ মতিন মোল্লা, সিপিবি গাইবান্ধা জেলা শাখার নেতা কমরেড তাজুল ইসলাম এবং স্থানীয় বাসদ নেতা বিপুলেন্দ্র সরকার।
এসএ




Comments