Image description

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। মঙ্গলবার (২৫ আগস্ট) নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘আমি হব সকাল বেলার পাখি’ শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বর্তমান সময়ের সামাজিক অবক্ষয় ও মাদকের ভয়াবহতা তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, “নজরুলের গান ও কবিতা শিশুদের মাঝে বেশি বেশি চর্চা করাতে হবে। নতুন প্রজন্ম যদি নজরুলের আদর্শ ও সাহিত্য লালন করে, তবে তারা মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকতে পারবে।” বাংলাদেশ শিল্পকলা একাডেমির বর্তমান কার্যক্রমের প্রশংসা করে তিনি প্রতিটি অনুষ্ঠানে শিশু-কিশোরদের সম্পৃক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একাডেমির মহাপরিচালক বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, “আমরা সবাই মিলে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলব, যেখানে শিশুদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। নজরুলের ভাবাদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের শিশুরাই একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলবে, যেখানে তারা নির্ভয়ে স্কুলে যাতায়াত করতে পারবে।”

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের শুরুতেই ৫০ জন শিশু-কিশোর শিল্পী দলীয়ভাবে ‘দাও শৌর্য দাও ধৈর্য’ এবং ‘শুকনো পাতার নূপুর পায়ে’ গান দুটি পরিবেশন করে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ‘বনের হরিণ আয়’ গানের সঙ্গে নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নৃত্যদল ‘তপস্যা’, নাচের দল ‘স্পন্দন’ ও ‘রিদম ড্যান্স সেন্টার’ নজরুলের বিভিন্ন কালজয়ী গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে।

আবৃত্তি পর্বে মাহদিয়া রহমান মারিসা ‘মানুষ’, রাফিদ জাহিন প্রাচ্য ‘খোকার সাধ’ এবং অদিতি বাইন ‘লিচু চোর’ কবিতাটি আবৃত্তি করে। সবশেষে ‘মনের রঙ লেগেছে বনের পলাশ জবা অশোকে’ গানের সঙ্গে ৫০ জন শিশুশিল্পীর সমবেত নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ডিআর