Image description

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলীয় এলাকা থেকে ৭৯ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) দক্ষিণ ক্রিটের কাল্লি লিমেনেস বন্দরের কাছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি ড্রোন নৌকা দুটির অবস্থান শনাক্ত করার পর তাদের উদ্ধার করা হয়।

গ্রিক কোস্টগার্ডের বরাত দিয়ে জানানো হয়েছে, উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশ এবং যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিক রয়েছেন। উদ্ধারকৃতদের মধ্যে অন্তত দুই নারী ও দুই শিশু রয়েছে। এর আগে স্থানীয় সংবাদ সংস্থা এএনএ ৮৫ জনকে উদ্ধারের খবর জানালেও পরে কোস্টগার্ডের পক্ষ থেকে ৭৯ জনের বিষয়টি নিশ্চিত করা হয়।

ভৌগোলিক অবস্থানের কারণে উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে অবস্থিত ক্রিট ও নিকটবর্তী গাভদোস দ্বীপ বর্তমানে গ্রিসে আশ্রয়প্রার্থীদের প্রবেশের অন্যতম প্রধান রুট হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, দেশটিতে অভিবাসীদের আগমনের হার আগের চেয়ে কমেছে।

দেশটির অভিবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগস্ট ২০২৫ পর্যন্ত পূর্ববর্তী ১২ মাসে গ্রিসে প্রায় ৬১ হাজার অভিবাসী পৌঁছেছিলেন। পরবর্তী ১২ মাসে এই সংখ্যা কমে ৪২ হাজারে দাঁড়িয়েছে, যা আগের তুলনায় প্রায় ৩১ শতাংশ কম।

বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসনবিরোধী ও ডানপন্থী রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা বাড়ায় অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর নীতি গ্রহণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে অবৈধ অভিবাসন কমাতে লিবিয়ার মতো ট্রানজিট দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করেছে ইউরোপীয় ইউনিয়ন।

গ্রিসের অভিবাসনমন্ত্রী থানস প্লেভরিসও অভিবাসনপ্রত্যাশীদের আগমন ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। এছাড়া অভিবাসীদের আবেদন প্রক্রিয়া পরিচালনার জন্য ইইউ-এর বাইরে ‘রিটার্ন হাব’ স্থাপনের বিষয়ে জার্মানি ও অন্যান্য সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে গ্রিস সরকার।

ডিআর