Image description

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের গাইনোকোলজি ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

পিআইএমএস কর্মকর্তাদের তথ্যমতে, অগ্নিকাণ্ডের সময় ওই ওয়ার্ডে মোট ১৬ জন নবজাতক ভর্তি ছিল। তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি ১৫ জনই প্রাণ হারায়।

উদ্ধারকারী সূত্র জানায়, বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে হাসপাতালের এমসিএইচ ওয়ার্ডের তৃতীয় তলায় একটি এয়ার কন্ডিশনারের (এসি) কম্প্রেসর বিস্ফোরণের ফলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ওয়ার্ডে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ও চারটি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

জেলা প্রশাসন জানিয়েছে, আগুনে ১৪ জন নবজাতক সম্পূর্ণভাবে পুড়ে গেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং উদ্ধারকারী দল শীতলীকরণ কার্যক্রম (কুলিং প্রসেস) চালাচ্ছে।

এই মর্মান্তিক ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখবে।

ডিআর