রাশিয়ার রাজধানী মস্কোর ভনুকোভো বিমানবন্দরে মার্কিন সামরিক পরিবহন বিমান ‘বোয়িং সি-সেভেন্টিন গ্লোবমাস্টার’ অবতরণ করাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে কূটনৈতিক ও ভূ-রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে আকাশপথে কড়া নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই বিরল ঘটনাটি নানা রহস্যের জন্ম দিয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ও বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, বিমানটি যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রিউজ থেকে রওনা হয়ে লাটভিয়ার রাজধানী রিগা হয়ে গত মঙ্গলবার সকালে মস্কোয় অবতরণ করে। জয়েন্ট বেস অ্যান্ড্রিউজ সাধারণত মার্কিন প্রেসিডেন্ট ও উচ্চপদস্থ কর্মকর্তাদের চলাচলের প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হওয়ায় এই উড্ডয়ন নিয়ে শুরু থেকেই গুঞ্জন তৈরি হয়।
শুরুতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে দাবি করেন এবং চলতি সপ্তাহে কোনো উচ্চপর্যায়ের বৈঠকের সম্ভাবনা নাকচ করে দেন। তবে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর পরিচালক জন র্যাটক্লিফ একটি গোপন বৈঠকে অংশ নিতে বর্তমানে মস্কো সফর করছেন। সিআইএ পরিচালক হিসেবে এটিই তার প্রথম রাশিয়া সফর বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, জন র্যাটক্লিফের এই সফরের বিষয়টি আগেভাগেই ইউক্রেনকে অবহিত করেছিল যুক্তরাষ্ট্র। এমনকি মার্কিন প্রতিনিধিদলটি রাশিয়া ত্যাগ না করা পর্যন্ত ইউক্রেনকে সাময়িকভাবে হামলা স্থগিত রাখার অনুরোধও জানানো হয় বলে দাবি করেছেন এক জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা।
সি-১৭ গ্লোবমাস্টার বিমানটি সাধারণত বিপুল পরিমাণ সেনা ও সামরিক সরঞ্জাম দীর্ঘ দূরত্বে পরিবহনের জন্য ব্যবহৃত হয়। তবে ওয়াশিংটন বা মস্কো—কোনো পক্ষই এখন পর্যন্ত এই সফরের উদ্দেশ্য বা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মস্কোর রাস্তায় একটি রহস্যময় কূটনৈতিক বহর চলাচলের দৃশ্য দেখা গেলেও সেটি র্যাটক্লিফের কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ডিআর




Comments