ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পিকআপ, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের ভূল্লী থানাধীন কচুবাড়ী পোস্ট অফিস পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ভূল্লী উপজেলার বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) এবং আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তি। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন—মোটরসাইকেল চালক মো. হারুনুর রশিদ (৩৮), অটোরিকশা চালক মো. সাহিরুল ইসলাম (২৩), মোছা. জরিনা (৪০) এবং মো. শফিকুল ইসলাম।
আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। অন্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি মালবাহী পিকআপ কচুবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যানবাহন তিনটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করলে প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় পিকআপ চালক মো. হাবিবুর রহমান (২৪)-কে আটক করেছে পুলিশ। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিষকাকুড়ি গ্রামের বাসিন্দা। পুলিশ ঘাতক পিকআপটিও জব্দ করেছে।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পিকআপ, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। পিকআপ চালককে আটক করা হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ডিআর




Comments