Image description

বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সংস্থার ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) জহির রায়হান কালার ল্যাবের ভিআইপি প্রজেকশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান মজনুকে শপথ পাঠ করান চলচ্চিত্র গ্রাহক সংস্থার উপদেষ্টা খোরশেদ আলম খসরু। এরপর সভাপতি আসাদুজ্জামান মজনু কার্যনির্বাহী কমিটির বাকি সদস্যদের শপথ পাঠ করান।

১৫ সদস্যের নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আসাদুজ্জামান মজনু। সহসভাপতি লাল মোহাম্মদ, মহাসচিব শহীদুল্লাহ দুলাল, সহসম্পাদক খোরশেদ আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইসতাক রহমান, অর্থ সম্পাদক দিলীপ ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম খান এবং বৈদেশিক সম্পাদক মমিনুল হক চৌধুরী সাঁচি। প্রচার ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আজগর আলী।

কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন আনোয়ার হোসেন বুলু, এস এম আজহার, কামরুল আহমেদ পনির, মনিরুজ্জামান মনির, এ কে এম বুলবুল খান ও মো. ফারুক হোসেন তানভীর।

শপথ অনুষ্ঠান শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এর আগে বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সংস্থার সভাপতি আবদুল লতিফ বাচ্চু গত ৪ জানুয়ারি এবং সহসভাপতি আবু হেনা বাবলু গত ১১ এপ্রিল মৃত্যুবরণ করেন। সংগঠনের সভাপতি ও সহসভাপতির অকালমৃত্যুর পরিপ্রেক্ষিতে নতুন কমিটি গঠন করা হয়েছে।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ মেকআপ ম্যান সমিতি, অঙ্গসজ্জাকর সমিতি, জাতীয়তাবাদী চলচ্চিত্র ফোরাম এবং বাংলাদেশ সিনিয়র সহকারী চলচ্চিত্র পরিচালক (সিডাব) সমিতির প্রতিনিধিরা।

নতুন কমিটির সদস্যরা চলচ্চিত্রগ্রাহকদের স্বার্থ সংরক্ষণ এবং চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এমআর