রাজধানীর কদমতলী থানা রিপোর্টার্স ক্লাবের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রায়েরবাগের পুতুলবাড়িতে আয়োজিত এক সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে দৈনিক যুগান্তরের সিটি রিপোর্টার খোরশেদ আলম শিকদারকে আহ্বায়ক, কদমতলী থানা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময়ের সিটি রিপোর্টার ইঞ্জি. মাহমুদুল হাসানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং দৈনিক মানবকণ্ঠের রিপোর্টার মো. সোলাইমানকে সদস্যসচিব করে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আহ্বায়ক কমিটি দায়িত্ব গ্রহণের পর সংগঠনের সদস্যদের যাচাই-বাছাই, নতুন সদস্য অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পন্ন এবং পরবর্তী নির্বাচন আয়োজনের প্রস্তুতি গ্রহণ করবে।
এ সময় পূর্ববর্তী নির্বাচন কমিশনের সদস্যদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বর্তমানে প্রধান উপদেষ্টা মো. নান্নু মীর, দৈনিক স্বাধীন সংবাদ-এর সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, দৈনিক দিন প্রতিদিন-এর সম্পাদক শফিকুল ইসলাম সাদ্দাম, এটিএন বাংলার এইচআর অ্যাডমিন ইমাম পারভেজ, সাংবাদিক জাকির হোসেন মিয়াজীসহ নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ শারীরিক অসুস্থতার কারণে সভায় উপস্থিত হতে না পারলেও তিনি কমিটির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য, দায়িত্বশীল সাংবাদিকতা এবং সংগঠনের স্বচ্ছতা নিশ্চিত করাই নতুন সংগঠনের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে সদস্যপদ দেওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের পেশাগত পরিচয় ও যোগ্যতা যথাযথভাবে যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে।
আয়োজকরা জানান, আহ্বায়ক কমিটি সংগঠনের সাংগঠনিক কাঠামো সুসংগঠিত করার পাশাপাশি একটি গ্রহণযোগ্য ভোটার ও সদস্য তালিকা প্রস্তুত করবে। পরবর্তীতে নির্ধারিত নিয়ম ও স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করে নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় সাংবাদিকরা কদমতলী এলাকায় পেশাদার, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ, জাতি, সাংবাদিক সমাজ ও সংগঠনের উত্তরোত্তর সাফল্য এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসএ




Comments