Image description

কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার বিয়ে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া এক যুবককে গোপনে বিয়ে করেছেন—এমন দাবির পাশাপাশি চুক্তিভিত্তিক বিয়ের কথাও ছড়ায়। তবে এসব তথ্যকে সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন প্রভা।

সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিনেত্রী জানান, তিনি বিয়ে করেননি। একই সঙ্গে চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কেও তিনি জড়িত নন। প্রভা বলেন, তাকে ঘিরে ছড়ানো কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।

প্রভার কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট থেকেই মূলত এই গুঞ্জনের সূত্রপাত। গত এপ্রিলে আংটি পরা একটি ছবি প্রকাশ করেছিলেন তিনি। পরে আংটি ও হাতে ফুল থাকা আরেকটি ছবি প্রকাশ করলে অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়। এরপরই ধীরে ধীরে তার বিয়ের খবর ছড়িয়ে পড়ে।

গত সপ্তাহে সেই গুঞ্জন আরও জোরালো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সী এক যুবকের সঙ্গে গোপনে বিয়ে করেছেন প্রভা। পরে এর সঙ্গে চুক্তিভিত্তিক বিয়ের বিষয়টিও যুক্ত হয়। তবে অভিনেত্রী জানিয়েছেন, এসব দাবির কোনোটিই সত্য নয়।

বিয়ের গুঞ্জনের পাশাপাশি এ ধরনের খবর প্রকাশের ধরন নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন প্রভা। তার দাবি, এসব বিষয়ে তাকে কেউ যোগাযোগ করে কিছু জানতে চাননি। অথচ নিজেদের মতো করে নানা তথ্য প্রকাশ করা হচ্ছে।

সাংবাদিকদের দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দিয়ে প্রভা বলেন, একজন সাংবাদিকের লেখার শক্তি অনেক বেশি। একই কলম দিয়ে কাউকে ভয়ংকর মানুষ হিসেবে যেমন তুলে ধরা সম্ভব, তেমনি কাউকে চমৎকার মানুষ হিসেবেও উপস্থাপন করা যায়। তাই এই শক্তির সঙ্গে দায়িত্বশীলতাও থাকা জরুরি।

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন নতুন নয়। কোনো ছবি, পোস্ট কিংবা আংশিক তথ্যের ওপর ভিত্তি করে নানা অনুমান দ্রুত ছড়িয়ে পড়ে। প্রভার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে বলে মনে করছেন তার অনুসারীরা।

শেষে অনুসারীদের গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রভা। ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন কিংবা অন্য কোনো বিষয়ে সঠিক তথ্য জানতে তার ফেসবুক পেজে চোখ রাখার অনুরোধ করেছেন তিনি।

এসএস